লক্ষ্মীপুর সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে মুড়িভর্তি বস্তার আড়ালে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়ীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে সদর থানাধীন চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আজাদ (৪৫) নামের এক ব্যক্তির টায়ার মেরামতের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ তল্লাশি করে মুড়ির বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) ও মাসুম (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা, ৭ বস্তা মুড়ি (ওজন প্রায় ২৮০ কেজি), ৪টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা মুড়িভর্তি বস্তার আড়ালে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
র্যাব আরও জানায়, মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply