বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের গুলিতে শাকিল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার সংলগ্ন বড় বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিল স্থানীয় নোয়া বাড়ির বাসিন্দা খোকা মিয়ার ছেলে। দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি এবং আগামী মাসেই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল কিশোর গ্যাং এলাকায় মহড়া দিচ্ছিল। এ সময় শাকিলের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যাং সদস্যরা শাকিলকে লক্ষ্য করে গুলি চালায় গুলি তার নাভির নিচে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী শাকিলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা তিনজন সন্দেহভাজনকে ধরে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দেন। আটককৃতরা হলেন- ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলম (২৫), আবদুস সাত্তারের ছেলে জীবন (২৪) এবং তাদের সহযোগী মনির (২২)।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।।
Leave a Reply