লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯টি ইউনিয়ন থেকে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে, শুক্রবার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে প্রায় দেড় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরটি চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাংগঠনিক ও ধর্মীয় ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়।
বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন লক্ষীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজউল্লাহ, জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান।
শিবিরে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে ডেলিগেটদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ এক যুগ পর এমন কর্মসূচির আয়োজন করতে পারায় থানা জামায়াতের আমির মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী এই ধরনের শিবিরের মাধ্যমে কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হয়। অতীতে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে এমন প্রশিক্ষণমূলক আয়োজন বাধাগ্রস্ত হয়েছিল।
শিক্ষা শিবিরে বাছাইকৃত কর্মীদের পাশাপাশি থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply