বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার এলাকার রহমতখালী খালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পড়ে সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঢাকা বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে একজন ওমান ফেরত প্রবাসী লক্ষ্মীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় কয়েকজন বের হয়ে আসতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে প্রাণ হারান।
চৌমুহনী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, সকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৬টার কিছু পর উদ্ধারকাজ শুরু করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন, নিহতদের বাড়ি লক্ষ্মীপুর জেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপুল্লী কাঁসারি বাড়ির মোছা. পয়জুন্নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া ইয়াসমিন (৯)। আহত চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর গাড়িটি (ঢাকা মেট্রো-চ ২০-২১৬৪) উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে।
Leave a Reply