নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চৌমুহনী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, সাংবাদিক তুহিন হত্যা মামলায় গোলাপী, কেটু নিজাম, আল আমিন, স্বাধীন, শাহজালাল, ফয়সাল হাছান ও সাব্বির সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য বেরিয়ে আসবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply