নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের সংগঠিত হামলা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিরিন আক্তার (৪৮) শনিবার (১৬ আগস্ট) বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার আলাইয়রপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামে তার বাড়ির সামনে প্রথম দফায় হামলা চালানো হয়। পরে একই দিন রাত সাড়ে ৭টার দিকে আসামিরা আবারও তার বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
শিরিন আক্তারের অভিযোগ, স্থানীয় রুবেল, রাশেদ ও রায়হানসহ ১৪ জনকে আসামি করে এবং আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছেলে শাকিল মাহমুদসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
তিনি জানান, হামলাকারীরা ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আসবাবপত্র ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এর আগেও বিভিন্ন সময়ে তার ছেলেকে হুমকি দেওয়া হয়েছিল। একটি হত্যা মামলায় ষড়যন্ত্র করে ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে তার ধারণা।
বর্তমানে শিরিন আক্তার ও তার ছেলে শাকিল মাহমুদ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply