বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে এ আয়োজন করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯ আগস্ট পাকিস্তানি সেনাদের নির্বিচার হামলায় বহু মুক্তিকামী মানুষ শহীদ হন। তাঁদের স্মরণে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তরিক উল্লাহ জিন্নাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, শহীদ পরিবারের সন্তান এম. সামছুল আলম, শাহ আলম ভুঁইয়া সুজন, জিয়াউল হক জিয়া, ইয়াহিয়া ফয়সাল, গিয়াস উদ্দিন, মিজান মল্লিক, শাকিল শাহ হাসান ও সাংবাদিক আনোয়ার পারভেজ প্রমুখ।
প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার তরিক উল্লাহ জিন্নাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির আত্মার অংশ। শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, তাহলেই জাতি সঠিক পথে এগিয়ে যাবে।
শহীদ পরিবারের সন্তান এম. সামছুল আলম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে দায়িত্ব আমাদের সবার। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে এবং সেই চেতনায় উজ্জীবিত হতে হবে।
পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন।
Leave a Reply