নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সরকারি খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
সরকারি প্রতিবেদনে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া মৌজার ৫১৫৯ নম্বর দাগে প্রায় ০.০২৩৭ একর জমি সরকারের মালিকানাধীন। কিন্তু সম্প্রতি আবুল কাশেম (একাব্বরপুর, বেগমগঞ্জ), রনজিত দেবনাথ ও কার্তিক চন্দ্র দেবনাথ (ভবভদ্রি, বেগমগঞ্জ) নামের কয়েকজন ব্যক্তি ছুটির দিনে লোকজন নিয়ে ওই খাসভূমি দখল করে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ শুরু করেন।
এ সময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। পরে রেকর্ড যাচাই করে নিশ্চিত হওয়া যায়, জমিটি খাস খতিয়ানভুক্ত। তবে অভিযুক্তরা দাবি করেছেন, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এক প্রতিবেদনে উল্লেখ করেন, সরকারি জমি দখলের ঘটনায় জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জমি পুনঃচিহ্নিতকরণ ও তদন্তের জন্য সদর ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশ অমান্য করে দখলকারীরা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত সরকারি খাসভূমি উদ্ধার করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply