মো. আলাউদ্দিন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ায় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বেগমগঞ্জ উপজেলার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলা মুক্ত মঞ্চে বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন (বিএসএএফ)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএএফ সভাপতি এস এম সাহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের বাংলাদেশ পুলিশ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনরা।
সংবর্ধিত অতিথি ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, বেগমগঞ্জের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার অঙ্গীকার।

ইউএনও মো. আরিফুর রহমান বলেন, বেগমগঞ্জের উন্নয়ন ও জনসেবার কাজে জনগণের সহযোগিতা সবসময় পাশে পেয়েছি। জলাবদ্ধতা নিরসনে আমরা যে উদ্যোগ নিয়েছি, তা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
সভাপতির বক্তব্যে এস এম সাহাব উদ্দিন বলেন, ড. আবু ইউসুফ আমাদের গৌরব। একইভাবে ইউএনও আরিফুর রহমানের কার্যকর পদক্ষেপ বেগমগঞ্জবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিয়েছে। আমরা গর্বিত যে এমন মানুষরা আমাদের মাঝে কাজ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গুণীজনেরা জানান, সচিব ও ইউএনওর আন্তরিক সহযোগিতা এবং তদারকির কারণে বেগমগঞ্জে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গতি বেড়েছে। তাঁরা মনে করেন, এ ধরনের সংবর্ধনা তাঁদের কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
পুরো অনুষ্ঠানটি ছিল কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা বিনিময়ের এক অনন্য মুহূর্ত। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধারা বজায় থাকলে সমাজকল্যাণ খাত আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় জনগণ বাস্তব উন্নয়নের স্বাদ পাবে।
Leave a Reply