লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানঘরটির মালিক স্থানীয় সাংবাদিক আল মামুন শিপন।
ভুক্তভোগী আল মামুন শিপন জানান, একটি ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদ্রাসার নাম ভাঙিয়ে তাঁর দোকানঘরে হামলা চালায়। দোকানটি ভেঙে ফেলার পাশাপাশি ভেতরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর তিনি চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এএসআই বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, বিষয়টি আদালতের নির্দেশনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় থানার পক্ষ থেকে সরাসরি আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এ জন্য ভুক্তভোগীকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রহমানের সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোনায়েমের নেতৃত্বে একটি পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সামনে রেখে দোকানঘরটি ভাঙচুর করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা শিশুদের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করে।
এ বিষয়ে আল মামুন শিপন বলেন, আমি একজন সাংবাদিক হিসেবে ন্যায়বিচার প্রত্যাশা করি। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
স্থানীয় সচেতন নাগরিকরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply