লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে একটি দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আল মামুন শিপন আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী আল মামুন শিপন (৩৮) চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকার বাসিন্দা। আদালতে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে একটি টিনশেড একচালা দোকানঘর ভাঙচুর করে।
অভিযোগে আরও বলা হয়, দোকানঘর ভাঙচুরের ফলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় দোকানে থাকা মেহগনি ও অন্যান্য মূল্যবান কাঠসহ আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তার নিকট আত্মীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে। এতে তারা আহত হন এবং পরবর্তীতে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের সময় মামলা করলে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে মামলার বাদী আল মামুন শিপন বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার জমিতে থাকা দোকানঘর ভেঙে লুটপাট করা হয়েছে। বাধা দিতে গেলে আমার স্বজনদের ওপর হামলা চালানো হয়। থানায় অভিযোগ দিয়েও কোনো ব্যবস্থা পাইনি। তাই ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।
পরবর্তীতে মামলাটি লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দায়ের করা হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।
Leave a Reply