লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১১নং হাজিরপাড়া ইউনিয়নের বড়ভল্লবপুর গ্রামে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বড়ভল্লবপুর গ্রামের নির্মল ঠাকুর বাড়ির বাদল চক্রবর্তী ও বিধান ঠাকুরের বসতঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাটিকে পরিকল্পিত ও সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার নেতারা বলেন, বারবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে কেন ‘বলির পাঠা’ বানানো হচ্ছে, এ প্রশ্ন এখন পুরো জাতির। এ ধরনের ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অশনিসংকেত। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং উক্ত গঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি টিমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের থানা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply