লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ওরফে বরকত এবং লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে পারভেজ হোসেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানকালে আলাউদ্দিন ওরফে বরকত এবং পারভেজ হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিনজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পলাতক সন্ত্রাসীরা হলেন, বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের বাসিন্দা ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান চলাকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার আলাউদ্দিন ওরফে বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply