নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে একদল দুষ্কৃতিকারী মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে ধারাবাহিকভাবে বাণিজ্যিক বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আমিনবাজার থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত ৫টি এবং আমিনবাজার থেকে চৌমুহনী পর্যন্ত ২২টি মিটার খুলে নিয়ে যায় তারা।
ঘটনাস্থলে প্রতিটি মিটারের পাশে একই মোবাইল নম্বর- ০১৮৭৪-৬২৯৯৪৮ লিখে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গ্রাহকেরা ওই নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা মিটারের মুক্তিপণ দাবি করা হয়।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, মিটার চুরি হয়ে যাওয়ায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি জানালেও পল্লী বিদ্যুৎ অফিস কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গ্রাহকদের চাপ দিয়ে বলেন দুষ্কৃতিকারীদের টাকা দিয়ে মিটার ফেরত আনতে। অন্যথায় অফিসের নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে নতুন মিটার নিতে হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও ভুক্তভোগীদের সহায়তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
Leave a Reply