নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একই পরিবারের সাত সদস্যের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন “চন্দ্রগঞ্জ থানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক, ইউএসএ”।
আমেরিকার নিউইয়র্কে বসবাসরত চন্দ্রগঞ্জ থানা এলাকার প্রবাসীদের উদ্যোগে গঠিত এই সংগঠন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানার হাতে এক লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রবাসী আহমেদ জোনায়েদ।
গত ৬ আগস্ট চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নে একই পরিবারের সাতজন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ওই ঘটনায় পরিবারটি মারাত্মক আর্থিক ও সামাজিক সংকটে পড়লে প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে আসেন।
আহমেদ জোনায়েদ বলেন, আমরা ২০২৩ সালে প্রবাসীদের নিয়ে এই সংগঠন গঠন করি। দেশে ও বিদেশে যারা সামাজিক বা অর্থনৈতিক সংকটে পড়েন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি নিউইয়র্ক সিটিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে আবাসন ও কবরস্থান তৈরির প্রকল্প হাতে নিয়েছি। কারণ প্রবাসে মৃত্যুবরণ করলে লাশ দেশে আনা অনেক ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। তাই স্থানীয়ভাবে কবরস্থানের ব্যবস্থা গড়ে তুলতে চাই।

তিনি আরও জানান, কর্মহীন প্রবাসীদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে।
অনুষ্ঠানে ইউ.এস.এ এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. দেলওয়ার হোসেন শিমুল, আবদুল মালেক ফাউন্ডেশনের উপদেষ্টা পর্তুগাল প্রবাসী বিসমিল্লাহ মিয়া, ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফুয়াদ। তারা বলেন, প্রবাসীরা শুধু নিজেদের পরিবারের কথাই ভাবেন না, বরং দেশ ও সমাজের কল্যাণেও কাজ করেন। তাদের এই মানবিক উদ্যোগ আমরা স্বাগত জানাই।
এ সময় ইউএনও মো. জামশেদ আলম রানা বলেন, প্রবাসীদের এ রকম মানবিক সহায়তা আমাদের সমাজকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে সংকটে থাকা পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।
Leave a Reply