নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর ক্রীড়া সংঘ নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজ উন্নয়ন ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করছে।
সম্প্রতি ইউছুফপুর প্রাথমিক বিদ্যালয় ও ইউছুফপুর গার্লস স্কুলের মাঠ সংস্কারের উদ্যোগ নেয় সংগঠনটি। দীর্ঘদিন ধরে মাঠগুলো জরাজীর্ণ থাকায় শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা খেলাধুলা করতে পারছিল না। সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয়ে ১০০০ ফিট বিটি বালু ফেলে মাঠ সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। সিনিয়র সদস্যদের আর্থিক সহায়তা এবং জুনিয়র সদস্যদের শ্রম দিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মাঠের চারপাশে বৃক্ষরোপণ ও ফুলের চারা লাগানো হয়, যাতে শিক্ষার্থী ও খেলোয়াড়রা সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারে।
ইউছুফপুর ক্রীড়া সংঘের অন্যতম উদ্যোক্তা মীর মোহাম্মদ ফয়সাল (টিপু) বলেন, আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর সমাজ গড়ে তোলা। খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া, বিপদে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোসহ নানাভাবে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, করোনা মহামারী ও গত বছরের ভয়াবহ বন্যার সময়ও সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছিল।
ইউছুফপুর ক্রীড়া সংঘের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন সংগঠনের সদস্য শাওন, ফয়সাল, টিপু, পবন, মাহের, জামিল, মামুন, সাজেদ, আব্দুল্লাহ, রিয়াদ, শুভ, তমাল, মাসুম মোহন, সৌরভ, দ্বীপ, আরমান, মিলন, মুজাহিদ, নাহিদ, আরিফ, মুরাদ, নাঈম, জুবায়েদ, মাহমুদ, ইয়াসিন, সুজন, জীবন, শাকিল, আরাফাত, মাইনুদ্দিন, রুবেল প্রমুখ।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ইউছুফপুর ক্রীড়া সংঘের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও সমাজ ও শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply